আন্তর্জাতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ, ৭ মার্চ বা জাতির পিত্লাশেখ মুজিবুর রহমান–এর নাম ব্যবহার করে যদি কোনো ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, এসব প্রচেষ্টার বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
শনিবার (৭ মার্চ) ফরিদপুরের আম্বিকা ময়দানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দাবি করেন, অতীতে যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার অবশ্যই এই দেশের মাটিতে হতে হবে।
নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। ওসমান হাদীকে যারা হত্যা করেছে, সেই খুনিদের বিচারও এখানেই করতে হবে।” তিনি আরও বলেন, এ ধরনের বিচারপ্রক্রিয়ায় কেউ বাধা হয়ে দাঁড়ালে তাদের বিরুদ্ধেও জনগণ অবস্থান নেবে।
তিনি মুক্তিযুদ্ধকে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এই যুদ্ধের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ব্যবহার করে গত ১৬ বছরে নানা অপকর্মকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধ, ৭ মার্চ কিংবা শেখ মুজিবের নাম ব্যবহার করে লুণ্ঠন, গুম, খুনসহ বিভিন্ন অভিযোগ আড়াল করার চেষ্টা করা হয়েছে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সংস্কার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া প্রয়োজন। তিনি সবাইকে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সরকারের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, অতীতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান—বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ—দলীয়করণের মাধ্যমে দুর্বল করা হয়েছিল। তার দাবি, বর্তমান সরকারের কার্যক্রমেও একই ধরনের প্রবণতার আভাস দেখা যাচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন প্রত্যাশা নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই নির্বাচন নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তার অভিযোগ, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং ঘোষিত অঙ্গীকার থেকে সরে এসেছে।