আমেরিকার মন রক্ষায় লড়ছে পাকিস্তান: বিস্ফোরক সাক্ষাৎকারে লাল মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৩:১৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৩:১৬:৩৫ অপরাহ্ন

পাকিস্তানের ইসলামাবাদের ঐতিহাসিক লাল মসজিদের খতিব এবং জামিয়া হাফসা মাদরাসার প্রধান মাওলানা আব্দুল আজিজ পাকিস্তান সরকারের বর্তমান নীতি ও সামরিক ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন। সম্প্রতি ‘হুরিয়াত রেডিও’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পাকিস্তান আজ পর্যন্ত একটি প্রদেশেও শরিয়াহ আইন বাস্তবায়ন করতে পারেনি, যেখানে প্রতিবেশী আফগানিস্তানে ‘ইমারাতে ইসলামিয়া’ সফলভাবে সারা দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানি সেনাবাহিনী মূলত আমেরিকাকে সন্তুষ্ট রাখতেই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তার মতে, দেশটির ৮০ শতাংশ আলেম ইমারাতে ইসলামিয়ার আদর্শকে সমর্থন করেন এবং তাদের পাশে রয়েছেন।

 

​মাওলানা আব্দুল আজিজ সাক্ষাৎকারে পাকিস্তান সরকারের ‘দ্বিমুখী’ আচরণের সমালোচনা করে বলেন, সরকার একদিকে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু অন্যদিকে ভারতকে মোকাবিলা করতে কাশ্মীরের দিকে অগ্রসর হচ্ছে না—কেবল আমেরিকা অসন্তুষ্ট হওয়ার ভয়ে। তিনি আরও দাবি করেন, আফগানিস্তানের সরকার দেশে সব ধরনের অনৈতিকতা ও অশ্লীলতার অবসান ঘটালেও পাকিস্তানে তা এখনো বিদ্যমান। তার অভিযোগ, সরকার অল্পসংখ্যক আলেমকে ব্যবহার করে তাদের খুতবা রেকর্ড করিয়ে সামরিক ব্যবস্থাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা দেশের বৃহত্তর আলেম সমাজের প্রকৃত মতামতের প্রতিফলন নয়।

 

​উল্লেখ্য, মাওলানা আব্দুল আজিজ জামিয়া হাফসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রশিদ গাজীর উত্তরসূরি। ২০০৭ সালে তৎকালীন সামরিক শাসক পারভেজ মুশাররফের নির্দেশে লাল মসজিদে পরিচালিত রক্তক্ষয়ী অভিযানে আবদুর রশিদ গাজীসহ শত শত শিক্ষার্থী নিহত হন। শরিয়াহ ভিত্তিক ব্যবস্থা ও হুদুদ আইন বাস্তবায়নের দাবিতে অনড় থাকার কারণেই সেই অভিযান চালানো হয়েছিল বলে মনে করা হয়। দীর্ঘ বছর পেরিয়ে গেলেও লাল মসজিদের সেই স্মৃতি এবং মাওলানা আব্দুল আজিজের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান এখনো পাকিস্তানের রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে আছে।

 (সূত্র: হুরিয়াত রেডিও)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]