বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি ইরানের

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১০:৫৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১০:৫৭:০৩ অপরাহ্ন

হরমুজ প্রণালির পর এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ 'বাব আল-মান্দেব' অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি বা ইরানি ভূখণ্ডে কোনো ধরনের হামলার পরিকল্পনা করা হলে এই জলপথে নতুন ফ্রন্ট খোলা হবে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সহায়তায় এই অবরোধ কার্যকর করার পরিকল্পনা করছে তেহরান।

 

​ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদনে আইআরজিসির উচ্চপদস্থ এক সেনা কমান্ডারের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, পারস্য উপসাগর বা ওমান সাগরে যদি কোনো উসকানিমূলক তৎপরতা লক্ষ্য করা যায়, তবে আইআরজিসি বাব আল-মান্দেব প্রণালিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মূলত লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই সংকীর্ণ জলপথটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী। দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে অবস্থিত এই প্রণালিটি সুয়েজ খাল দিয়ে যাতায়াতকারী নৌযানগুলোর চলাচলও নিয়ন্ত্রণ করে।

 

​পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সমুদ্র উপকূলীয় খনিগুলো থেকে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ১২ শতাংশ এই বাব আল-মান্দেব প্রণালি দিয়েই বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিবাহিত হয়। ভৌগোলিকভাবে এটি ইয়েমেনের উপকূলে হলেও সেখানে শক্তিশালী অবস্থানে রয়েছে ইরানের মিত্র হিসেবে পরিচিত হুথি বিদ্রোহীরা। আইআরজিসির ওই কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন যে, সম্ভাব্য এই অবরোধ পরিকল্পনায় হুথি নেতাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে এবং তারা ইরানকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিচ্ছে।

 (সূত্র: এএফপি, এনডিটিভি)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]