রংপুরের পীরগঞ্জে তীব্র গরমে জ্বর-শ্বাসকষ্ট রোগীর চাপ, হাসপাতালে শয্যা সংকট

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১১:০২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১১:০২:৪৬ অপরাহ্ন

তীব্র গরমের কারণে রংপুরের পীরগঞ্জে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। এতে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে শয্যা সংকট দেখা দিয়েছে এবং অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।
 

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। মহিলা ও শিশু ওয়ার্ডসহ প্রায় সব বিভাগেই রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে।
 

বর্তমানে অন্তত ৩০ জন শিশু ডায়রিয়া, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে বড় আলমপুর ইউনিয়নের এক চার মাস বয়সী শিশু জ্বর ও শ্বাসতন্ত্রজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে।
 

রোগীর স্বজনরা জানান, শিশুদের দীর্ঘদিন জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট না কমায় বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। চিকিৎসকরা কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিচ্ছেন।
 

হাসপাতালে শয্যা সংকটের কারণে কোথাও একটি বেডে একাধিক রোগীকে রাখা হচ্ছে, আবার অনেকেই মেঝে বা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বেড, জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়ানো না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম রিমন জানান, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো গরম, কখনো বৃষ্টি—এই পরিবর্তনের ফলে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।
 

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, গরমের কারণে ডায়রিয়া, পানিশূন্যতা ও শ্বাসতন্ত্রের রোগ বাড়ছে। তবে রোগীর চাপ বেশি হলেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]