২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:১৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:১৯:৫৪ অপরাহ্ন
 

দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। শুক্রবার সকাল ৮টায় রিফাইনারির বিভিন্ন ইউনিটে উৎপাদন শুরু হয় এবং বেলা ১২টার মধ্যে পুরোদমে চলতে শুরু করে।
 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। সর্বশেষ চালান এসেছিল ১৮ ফেব্রুয়ারি। কাঁচামালের এই টানাটানিতে মার্চের শেষ দিকেই রিফাইনারি বন্ধের আশঙ্কা দেখা দেয়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ন্যূনতম কাঁচামালে চালানো গেলেও ১২ এপ্রিল থেকে উৎপাদন কার্যত বন্ধ হয়ে যায়।
 

অবশেষে আড়াই মাসেরও বেশি সময় পর বুধবার সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন ক্রুড অয়েল নিয়ে 'এমটি নিনেমিয়া' জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছায়। বুধবার রাত ১০টা থেকে লাইটারিংয়ের মাধ্যমে রিফাইনারিতে তেল সরবরাহ শুরু হলে প্রতিষ্ঠানটিতে কার্যত প্রাণ ফেরে।
 

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, শুক্রবার সকালে উৎপাদন শুরু হওয়ার প্রায় চার ঘণ্টা পর পুরোদমে চালু হয় রিফাইনারি। বার্ষিক ১৫ লাখ টন শোধন ক্ষমতাসম্পন্ন এই রিফাইনারিতে ক্রুড অয়েল পরিশোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, বিটুমিনসহ মোট ১৩ ধরনের জ্বালানি উৎপাদিত হয়। এর মধ্যে ডিজেলই উৎপাদিত হয় সবচেয়ে বেশি। সরবরাহ ধারাবাহিক রাখতে ইতোমধ্যে আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে 'এমটি ফসিল' নামের আরেকটি জাহাজ ফুজাইরা থেকে ১১ মে রওনা হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]