ওমানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র মিনা আল ফাহাল টার্মিনালে বিস্ফোরণের ঘটনায় অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টার্মিনালের সিঙ্গেল-বয় মুরিং ১ ও ২ নম্বর জেটির মধ্যবর্তী এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা হতে পারে। তবে ওমান সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
বিস্ফোরণের পর নিরাপত্তাজনিত কারণে মিনা আল ফাহাল টার্মিনালে অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হামলার প্রকৃতি নিরূপণে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
মিনা আল ফাহাল ওমানের প্রধান তেল রফতানি অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দেশটির উৎপাদিত অধিকাংশ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পাঠানোর আগে এই টার্মিনালের মাধ্যমে জাহাজে লোড করা হয়। ফলে দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, যদি ড্রোন হামলার অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে এটি অঞ্চলের জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক তেলবাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপরও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা পরিস্থিতির উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা