সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর আলোচিত রাজনৈতিক নেতা কে আন্নামালাই। শুক্রবার (৫ জুন) বিজেপির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তামিলনাড়ুর সাবেক রাজ্য সভাপতি আন্নামালাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ৪১ বছর বয়সী এই নেতা গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে দলের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ও বি এল সন্তোষের সঙ্গেও তার বৈঠক হয়। দলের শীর্ষ নেতারা তাকে সিদ্ধান্তে তাড়াহুড়ো না করতে অনুরোধ করলেও নেপথ্যে একাধিক দফা আলোচনার পর শেষ পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ করা হয়। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নাইনার নাগেন্দ্রনকেও জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়েছিল।
এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই সামাজিক মাধ্যমে জনসাধারণের সঙ্গে 'উন্মুক্ত আলোচনার' আয়োজন করেন আন্নামালাই। তার ঘনিষ্ঠ সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, তিনি এখন তামিলনাড়ুজুড়ে একটি নতুন গণ-আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন, যার মূল লক্ষ্য হবে তরুণ নেতৃত্ব খুঁজে বের করা ও তাদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া। বিশ্লেষকদের ধারণা, এই আন্দোলনই ভবিষ্যতে একটি নতুন রাজনৈতিক দলে রূপ নিতে পারে। বর্তমানে তিনি 'উই দ্য লিডার্স' নামে একটি অলাভজনক নেতৃত্ববিষয়ক উদ্যোগ পরিচালনা করছেন, যা তার নতুন রাজনৈতিক প্রকল্পের ভিত্তি হিসেবে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।