নওগাঁয় 'সাইকো সিরিয়াল কিলার' গ্রেফতার, নিহত ৩

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৮:১৭:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৮:১৭:২৪ পূর্বাহ্ন
 

পুরুষশূন্য বাড়ি টার্গেট করে গভীর রাতে দেয়াল টপকে ঘরে ঢুকে ঘুমন্ত নারীদের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে চুরি করার এক ভয়ংকর সিরিয়াল অপরাধী গ্রেফতার হয়েছে। অভিযুক্ত গোলাম মোরশেদকে বুধবার ভোরে গাজীপুরের শরিফপুর কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গত ৬ মাসে নওগাঁ, দিনাজপুর ও জয়পুরহাটে তার হামলায় অন্তত তিনজন নারী নিহত এবং একাধিকজন গুরুতর আহত হয়েছেন।
 

বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আসামি ইচ্ছাকৃতভাবে পুরুষহীন বাড়ি টার্গেট করত। দেয়াল টপকে ঘরে প্রবেশের পর টিউবওয়েলের হাতল, বাঁশ বা লোহার শাবল দিয়ে ঘুমন্ত নারীদের মাথায় একটিই আঘাত করত সে — রক্তপাতের ভয়ে। তারপরও একাধিক ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
 

জানুয়ারি থেকে জুন পর্যন্ত নওগাঁর তিনটি থানায় কমপক্ষে ১২টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮ জানুয়ারি ধামইরহাটে কলেজছাত্রী উম্মে হাবিবা টিউবওয়েলের হাতল দিয়ে আঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭ ফেব্রুয়ারি একই থানার জাহানপুরে চারটি বাড়িতে হামলা হয়। ৭ মে বদলগাছীতে তিন বাড়িতে হামলায় ২২ বছরের শাহানাজ, ১৩ বছরের নাসরিন ও বাকপ্রতিবন্ধী বৃষ্টি গুরুতর আহত হন। সর্বশেষ ৪ জুন পত্নীতলায় দুটি বাড়িতে হামলায় তিনজন নারী গুরুতর জখম হন।
 

এ ছাড়া দিনাজপুরের বিভিন্ন থানায় অনুরূপ পাঁচটি ঘটনা ঘটেছে এবং নবাবগঞ্জে এক নারী নিহত হয়েছেন। জয়পুরহাটেও একটি ঘটনায় দুই নারী গুরুতর আহত হওয়ার পর একজন মারা যান।
 

পুলিশ সুপার জানান, একাকী একাধিক জেলায় ঘুরে অপরাধ করায় সনাক্ত করা কঠিন হচ্ছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে শেষ পর্যন্ত তাকে চিহ্নিত করা সম্ভব হয়। গোলাম মোরশেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]