লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:৪০:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:৪০:২৪ পূর্বাহ্ন
লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক অভিযানের কৌশল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একজন যোদ্ধাকে খুঁজতে গিয়ে পুরো আবাসিক ভবন বোমা মেরে ধ্বংস করা মোটেও প্রয়োজনীয় নয়, এতে অযথা অনেক নিরীহ মানুষের প্রাণহানি হচ্ছে।
 
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে মঙ্গলবার ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘খুব বেশি মানুষ নিহত হয়েছে। কাউকে ধরতে গিয়ে প্রতিবার পুরো অ্যাপার্টমেন্ট ধ্বংস করার দরকার নেই। কারণ ওই ভবনগুলোতে অনেক মানুষ থাকে, আর তারা সবাই হিজবুল্লাহ নয়।’
 
সম্প্রতি বৈরুতে ইসরায়েলের হামলা নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার মতে, এসব হামলা ইরানের সঙ্গে চলমান শান্তি চুক্তির প্রচেষ্টাকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ট্রাম্প বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে এবং এই সংঘাত অনেক বেশি সময় ধরে চলছে।
 
এই মন্তব্যের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন আবারও সামনে আসলো। যদিও ট্রাম্প জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। তবে তিনি একই সঙ্গে বলেন, লেবাননের বিষয়ে নেতানিয়াহুর আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।
 
বিশ্লেষকদের মতে, সম্প্রতি দুই নেতার মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের কিছু কর্মকর্তার অসন্তোষ রয়েছে। অন্যদিকে, ট্রাম্পও বৈরুতে ইসরায়েলের হামলা নিয়ে ধৈর্য হারাচ্ছেন বলে জানা গেছে। এসব হামলার ফলেই ইরান পাল্টা হামলা চালিয়েছে, যা চুক্তি চূড়ান্ত করার সময় পরিস্থিতি জটিল করে তোলে।
 
ট্রাম্পের এই বক্তব্যের ভিডিও হোয়াইট হাউসের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও প্রকাশ করা হয়। যদিও কেন এই মন্তব্য বিশেষভাবে শেয়ার করা হয়েছে, সে বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু বলেনি। তারা শুধু জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক এখনো দৃঢ় এবং ইসরায়েলের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
 
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরায়েলের বড় বন্ধু আর কেউ নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপের ফলে বিশ্ব এখন আরও নিরাপদ। তবে ট্রাম্পের এই সমালোচনা ইসরায়েলের সামরিক কৌশলে তাত্ক্ষণিক কোনো পরিবর্তন আনবে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে প্রায় ৭৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]