উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২১ মে) ব্রিটিশ সরকার জানায়, দীর্ঘমেয়াদে এই চুক্তির মাধ্যমে বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার অর্থনৈতিক সুবিধা পাবে দেশটি।
জিসিসিভুক্ত দেশগুলো হলো— বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
চুক্তিটি এমন এক সময়ে সম্পন্ন হলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে জ্বালানি ও খাদ্য সরবরাহে চাপ তৈরি হয়।
যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী পিটার কাইল বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও এই চুক্তি ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য আস্থার বার্তা দিচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে।
ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় জিসিসি দেশগুলো ব্রিটিশ পণ্যের ওপর থাকা ৯৩ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে। এতে মোটরগাড়ি, মহাকাশ প্রযুক্তি, ইলেকট্রনিকস, খাদ্য ও পানীয় শিল্প সবচেয়ে বেশি লাভবান হবে। বিশেষ করে সিরিয়াল, চেডার পনির, চকলেট ও মাখনের মতো পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।
চুক্তিতে সেবাখাত, ডিজিটাল বাণিজ্য, আর্থিক সেবা, টেলিযোগাযোগ ও বিনিয়োগ সুরক্ষার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে দুই পক্ষের ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই বলেন, এই চুক্তি সদস্য দেশগুলোর ব্যবসা, বিনিয়োগকারী ও নাগরিকদের জন্য বাস্তব ও পরিমাপযোগ্য অর্থনৈতিক সুফল বয়ে আনবে।
তবে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে বলেছে, চুক্তিতে মানবাধিকার সুরক্ষার বিষয়ে কোনো বাধ্যতামূলক ধারা রাখা হয়নি। ট্রেড জাস্টিস মুভমেন্টের পরিচালক টম উইলস বলেন, মানবাধিকার সুরক্ষা ছাড়াই এই চুক্তি যুক্তরাজ্যের নৈতিক অবস্থানকে দুর্বল করেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই জিসিসির সঙ্গে যুক্তরাজ্যের ৫ বিলিয়ন ডলারের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
- আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০২:২১:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০২:২১:০২ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট