মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিরসনে আশ্বাস দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ওই জলপথ দিয়ে আর কোনো বাংলাদেশি জাহাজ আটকানো হবে না।
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগাম বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই।
তিনি আরও জানান, হরমুজ প্রণালিতে যদি কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকে, সেগুলোও ছেড়ে দেওয়ার বিষয়ে ইরান আশ্বস্ত করেছে। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল স্বাভাবিক রাখা নিয়ে বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলমান সংকটের কূটনৈতিক সমাধান প্রয়োজন। সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও প্রভাব ফেলবে। এ কারণে বাংলাদেশ সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে লেবাননে দায়িত্ব পালনরত বাংলাদেশ মিশনের সদস্যরা ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। সেখানে নিহত এক বাংলাদেশি নারীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে বিভিন্ন গুজব ছড়ালেও এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট