সহধর্মিণী ডা. জুবাইদা রহমান-কে সঙ্গে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তারা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সালাহউদ্দিন আহমদ। এ সময় মন্ত্রিসভার একাধিক সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরের শুরুতেই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এরপর চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক-এ ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণের পাশাপাশি পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন তিনি।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পেকুয়ায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, পেকুয়া পৌরসভার উদ্বোধনী কার্যক্রম এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে কক্সবাজারের বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে রাত ৯টার দিকে সপরিবারে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি
- আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১০:৪৮:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১০:৪৮:০৫ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট